গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি হয় এক নারীকে (২২)। বিক্রির এক মাস পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতের নাম সোহেল রানা (২৫)।
গ্রেফতারকৃত সোহেল রানা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার শামসু মাস্টার পাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে। গত বুধবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার ও যুবককে গ্রেফতার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান বলেন, ‘গত ১১ আগস্ট গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার রুপা গার্মেন্টসের সামনে চাকরির জন্য যায় ওই তরুণী। এ সময় সেখানে অজ্ঞাত পরিচয় তিন থেকে চারজন যুবক তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে যান। সেখানে তাকে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেন তারা। এ ঘটনায় তরুণীর স্বামী জিএমপির বাসন থানায় অভিযোগ করেন।’
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাসন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফারুকের নেতৃত্বে যৌনপল্লীতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। একই রাতে মূলহোতা সোহেল রানাকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বলেন,‘ এ ঘটনায় মানব পাচার আইনে একটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।’
বার্তা বাজার/এসবি