দেশে ফিরলেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ সেস্টেম্বর) দুপুর ১২টার দিকে টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‌‘৩০ বাংলাদেশিকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে জরুরি খাবার-পানি সহায়তা দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভিজিট ভিসায় তারা প্রথমে দুবাই যান। এরপর দুবাই থেকে লিবিয়া হয়ে তিউনিসিয়ায় যান। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর তাদের উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ৩০ জনের মধ্যে শরীয়তপুরের ৭ জন, ফরিদপুরের ২, মাদারীপুরের ৬, গোপালগঞ্জের ৪, টাঙ্গাইলের ৩, কিশোরগঞ্জের ২, সিলেটের ২ এবং কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ ও ঢাকার একজন করে বাসিন্দা।

এর আগে ১৯ আগস্ট ১৩ জন, ১ জুলাই ১৭ ও ২৪ মার্চ ৭ বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন। আরও অনেক বাংলাদেশি ফিরে আসার অপেক্ষায় আছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর