দেশের ভোজ্যপণ্যের মধ্যে অন্যতম একটি দ্রব্য হচ্ছে চিনি। সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় এই দ্রব্যটির মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের মধ্যে দেখা গিয়েছিল অসন্তোষ। এরই মাঝে চিনির নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মিল মালিকদের সাথে বৈঠক শেষে প্রতিকেজি খোলা চিনি ৭৪ টাকা ও প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। বিশ্ববাজারে যখন চিনির মূল্য বৃদ্ধি হচ্ছে তখনই সরকার ভোক্তা ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে এই দাম নির্ধারণ করে দিয়েছে।
বছরজুড়ে বাজারের বড় অংশ জুড়ে প্রতিকেজি চিনির দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে। তবে গত আগস্টের শুরু থেকে বাড়তে শুরু করে এর দাম।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতিকেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন, চিনি বিপণনকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা।
বার্তা বাজার/এসজে