বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এখন পুরোপুরিভাবে গোটা দেশের জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে পরিণত হয়েছে। আওয়ামী লীগকে তো ক্ষমা করা যায় না। আমি আগেও বলেছি আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গিয়েছে। তাদের মতের অমিল হলেই ভিন্ন মতাবলম্বীদের তারা শোষণ নির্যাতন করছে। এতে রেহাই পাচ্ছেনা দেশের সাধারণ জনগণও। তাই নির্যাতনকারী দল হিসেবে তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে গিয়েছে। এখন একটা একনায়কতন্ত্র কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরী করার জন্য সব ব্যবস্থা করে ফেলেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার কয়েকজন আমলার ওপর নির্ভর করে টিকে আছে। এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি। একজন পুলিশের যদি এই অবস্থা হয় তাহলে গোটা সিস্টেমের কি অবস্থা এটা আপনারাই চিন্তা করে দেখেন।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের দাবি একটাই। এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যাবস্থা করা। আর আমরা সকল দলের সাথে কথা বলছি ঐক্যবন্ধ হওয়ার। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।
এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তা বাজার/অমি