ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আল-আমিন লেবু নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে সে মৃত্যুবরণ করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোস্তফা কামাল।
সংশিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই সে অসুস্থ ছিলো। গতকাল ফেসবুকে একটা পোস্টও করেছে সে। ‘প্রচন্ড (১০৪) জ্বর, ঠান্ডা, কাশি সবার দোয়া কামনা করিছি’। প্রথমে বাসাতেই তার স্বাভাবিক চিকিৎসা হচ্ছিল। কিন্তু গতকাল ভোরে অবস্থা খুবই খারাপ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে পরীক্ষা করে জানা যায় যে, সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো।
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার বলেন, খবরটি শুনে আমি খুবই মর্মাহত। আমার ডিপার্টমেন্টের শিক্ষার্থী হারানো মানে আমার কাছে নিজ সন্তান হারানোর সমতুল্য। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা মৃত্যুর খবরটি শুনেছি। সহকারী প্রক্টর স্যার ঐখানে গিয়েছেন। লাশের গোসলের কাজ শেষ করে বগুড়ায় তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে। গ্রামের বাড়িতে লাশ নিয়ে আমাদের শিক্ষার্থীরা যাবে।
মোঃ সুমন/বার্তা বাজার/অমি