বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলন করার অভিজ্ঞতা আছে। আন্দোলনে শিরোপা অর্জনেরও সুনাম আছে খালেদা জিয়ার। আর আন্দোলন কখনও বৃথা যায় না। কোনও আন্দোলন দীর্ঘস্থায়ী, কোনও আন্দোলন হয় স্বল্পক্ষণের জন্য।
তিনি বলেন, বিএনপি আন্দোলন করতে পারে ২০১৩ সালে আন্দোলন দেখেছেন, ২০১৫ সালে দেখেছেন। সামনে এমন আন্দোলন দেখবেন আর সরকারের পক্ষে দাঁড়িয়ে কথা বলার আপনাদের সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়েই নেত্রী। তার মুক্তি আন্দোলক-সংগ্রামের মধ্য দিয়েই হবে। এর বিকল্প কিছু নেই।
গয়েশ্বর চন্দ্র বলেন, খালেদা জিয়াই একমাত্র যিনি আদালতে জামিন পান না। ফাঁসির আসামি, খুনের আসামি জামিন পাচ্ছেন, যা অহরহ দেখা যাচ্ছে। কিন্তু খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না। খালেদা জিয়ার জামিনের জন্য আদালতকে কেন থামিয়ে রাখা হচ্ছে সেটা আমাকে, আপনাকে বুঝতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, নেওয়াজ হালিমা আর্লি, ইয়াসমিন আরা হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলা দলের সিনিয়র নেত্রীরা।
বার্তা বাজার/নব