আওয়ামী লীগ এখন নির্যাতনকারী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এর আগেও আমি বলেছি আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বর্তমানে আওয়ামী লীগ নির্যাতনকারী, অর্থ উপার্জনকারী ও জনগণকে শোষণকারী দল হিসেবে পরিণত হয়েছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি বলেন, আমলা ও কয়েকজনের ওপর নির্ভর করে আওয়ামী লীগ টিকে আছে। এখন দেশের আমলাদের কোটি কোটি সম্পদ। বাংলাদেশ এখন দুর্নীতিতে চরম স্থানে পৌঁছেছে, যা সরকারের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত স্বীকার করছেন।
বিএনপির এই নেতা বলেন, পুলিশের একজন সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি। একজন পুলিশের যদি এমন অবস্থা হয় তাহলে সমস্ত প্রশাসনের কী অবস্থা হতে পারে সেটা আপনারাই চিন্তা করে দেখেন।
বিএনপির এই নেতা বলেন, আমাদের একটাই দাবি, এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আর আমরা সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। এই সরকার পতনের আন্দোলনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অন্য নেতারা।
বার্তা বাজার/নব