ময়মনসিংহে গ্রেফতার জঙ্গিরা বসিলার আস্তানার তথ্য দেয়: র‍্যাব

গত ৪ সেপ্টেম্বর ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে গ্রেফতার চার জঙ্গির দেওয়া তথ্যমতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানার সন্ধান পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সেই চার জঙ্গির তথ্য অনুযায়ী বসিলার বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় র‌্যাব। বসিলার আস্তানা থেকে আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বসিলার আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ময়মনসিংহে গ্রেফতার জঙ্গিরা র‍্যাবকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তাদের তথ্যের ভিত্তিতে মধ্য রাত থেকে বসিলা জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্তমান সময়ের জেএমবির এক শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়।

খন্দকার আল মঈন বলেন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাইরে জামালপুর ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব।

তিনি আরও বলেন, অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়। আটক জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নেওয়া হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর