ময়মনসিংহ মেডিকেলে আরও ৫ জনের প্রাণহানি

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

করোনায় ময়মনসিংহ সদরের হারুন উর রশিদ (৯০), ফুলবাড়িয়া উপজেলার হাজি জসিম উদ্দিন (৮৩) ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের আব্দুল হাকিম (৮০), ফুলপুর উপজেলার আবুল হোসেন (৬৫) এবং নেত্রকোনা সদরের জ্যোতিন্দ্র (৮৩) মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। আইসিইউতে ৭ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ১১৪ জন।

চলতি মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে গত জুলাইয়ে করোনা ও উপসর্গ নিয়ে ৪৮২ ও আগস্টে ৪১৯ জন মারা গিয়েছিল।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর