ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের বলকান রাষ্ট্র নর্থ মেসিডোনিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় তৈরি বিশেষায়িত একটি হাসপাতালে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা দিকে তেটোভো শহরে করোনা রোগীদের জন্য তৈরি একটি অস্থায়ী হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ১০ জনের মৃত্যু হয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে টুইট বার্তায় বলেন, দিনটি আমাদের জন্য খুবই খারাপ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন লাগার পর রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
করোনা রোগীদের চিকিৎসার জন্য গত বছর হাসপাতালটি তৈরি করা হয়। আগুন লাগার সময় হাসপাতালে কতজন রোগী চিকিৎসা নিচ্ছিলেন তা এখনও জানা যায়নি।
নর্থ মেসিডোনিয়ায় মোট জনসংখ্যা ২০ লাখ। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মারা গেছেন ৬ হাজার ১৫৩ জন।
বার্তা বাজার/নব