ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব নিখোঁজ!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসানকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

বুধবার (০৮ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমসান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিং-এ এই দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে আজ রাত ১১-১৫ মিনিটে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইন শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার আচরণ তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে অপহরণ করে গুম করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আর তারই অংশ হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেফতারের কথা অস্বীকার করা হচ্ছে এবং এখনও পর্যন্ত তার কোন সন্ধান দেয়া হচ্ছে না। সরকার জনগণকে ভয় পাইয়ে দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন চালু রাখতেই আইন শৃঙখলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের হত্যা, অপহরণ ও গুমের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকান্ড অব্যাহত রেখেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কি পরিণতি ঘটেছে।

তিনি অবিলম্বে রাজিব আহসানকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর