খুলনা বিশ্ববদ্যালয়ে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ছোটন দেবনাথকে বিশ্ববদ্যালয়ের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।
যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌন নিপীড়োন প্রতিরোধে সেল এর তদন্তে নেমেছে। বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকালে এক পক্ষের শুনানিও অনুষ্ঠিত হয়েছে।
সেলের প্রধান মোসা. তসলিমা খাতুন জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারেই সব কাজ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।
এদিকে পরিচয় গোপন রাখার শর্তে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে ওই শিক্ষিকাকে নির্যাতন করেন ছোটন। পরে এর জন্য তিনি ক্ষমাও চান। সম্প্রতি বিষয়টি নিয়ে ছোটন নানাভাবে ওই শিক্ষিকাকে হুমকি দিতে শুরু করলে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
বৃহস্পতিবার ওই অভিযোগ পাওয়ার পর শনিবার যৌন নিপীড়ন প্রতিরোধ সেল বৈঠক করে ব্যাপারটি তদন্ত করার সিদ্ধান্ত নেয়। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য ওই নারী শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
অভিযুক্ত শিক্ষক ছোটন দেবনাথ বলেন, ‘কী নিয়ে বা কেন অভিযোগ করা হয়েছে, তা এখনো বিস্তারিত কিছু জানি না। আমাকে কমিটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আর তদন্তের স্বার্থেই হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক অব্যাহতি দিয়েছে।’
বার্তা বাজার/এসজে