আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। তাদের ঘোষিত দলে মেন্টর হিসেবে রাখা হয়েছে অবসরে যাওয়া সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার রবিচন্দন অশ্বিন।
চলতি বছরের ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া ২০ ওভারের এই ম্যাচের আয়োজক দেশ থাকার কথা ছিল ভারতের। কিন্তু করোনায় নাজেহাল ভারতের পরিবর্তে ওমান ও আরব আমিরাতে এই আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
দলের সাথে ধোনির থাকাআটা এক ধরণের চমক হিসেবে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর জাতীয় দলের সঙ্গে ‘যোগাযোগ’ ছিল না তার। তবে বিশ্বকাপের আগে তার অভিজ্ঞতা সঠিকভাবে কাজে লাগাতে চেয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাই ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই উইকেটকিপারকে মেন্টরের দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
তবে আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি শিখর ধাওয়ানের। যুজবেন্দ্র চাহাল কিংবা কুলদীপ যাদবও নেই দলে। শার্দুল ঠাকুর ও দীপক চাহার জায়গা পেয়েছেন রিজার্ভে।
ভারতের বিশ্বকাপ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি।
রিজার্ভস: শ্রেয়াস আইয়ার, শার্দূল ঠাকুর, দীপক চাহার।
বার্তা বাজার/এরসজে