নান্দাইলে শ্রেষ্ঠ চিকিৎসকের পুরস্কার পেলেন ডা. ইমদাদুল মাগফুর

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের মাঝে পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২০ প্রদান করা হয়েছে। এবার শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে পুরস্কৃত হয়েছেন ডা. ইমদাদুল মাগফুর।

বুধবার (০৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নান্দাইলে স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার পাওয়া ব্যাপারে তরুণ চিকিৎসক ডা. ইমদাদুল মাগফুর তার সহকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তিনি জানান, আজকে আমার এই অর্জনের পেছনে কাজ করেছে আমাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদের অনুপ্রেরণা। আমাদের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ আমাকে শিখিয়েছেন কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কাজ করতে হয়। তার প্রতিও আমি কৃতজ্ঞ।

উপজেলার দরিল্লা উপ-স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া এই চিকিৎসক আরও বলেন, এ পুরষ্কারের ভাগীদার মোঃ মাসুদুল ইসলামও। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় সর্বক্ষেত্রে আমার সহযোগী। সর্বোপরি এ অর্জন সমগ্র দরিল্লার মানুষের।

ভবিষ্যতে অন্য উপজেলাগুলোতেও চিকিৎসা সেবায় নিয়োজিতদের উজ্জীবিত করতে এমন ধরণের পুরস্কারের আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নান্দাইল উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত এই চিকিৎসক রাজগাতী ইউনিয়নের দরিল্লা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তিনি প্রত্যন্ত এই জনপদে চিকিৎসক হিসেবে যোগদানের পর মানুষের মাঝে স্বস্থি দেখা গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নান্দাইলের মানুষকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতেও তার ব্যপক তৎপরতা লক্ষ্য করা যায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর