অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ব্যাম্বু ক্যাফে’কে জরিমানা

নানা অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জে ঐতিহ্যবাহী কাঠের তৈরী রেস্টুরেন্ট দ্যা ব্যাম্বু ক্যাফে কে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমান আদালত প্রয়োজনীয় অনুমোদন সহ নানা অনিয়মের আলামত পায়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, প্রিমিসেস লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকা এবং নিয়মিত কর পরিশোধ না করাসহ নানা অভিযোগে অল্প সময়ে আলোড়ন ও দৃষ্টিনন্দন এই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানে’র নেতৃত্বে দ্যা ব্যাম্বু ক্যাফে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে অনিয়মের প্রমান মিললে রেস্টুরেন্ট কতৃপক্ষের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নাজনীন নাহার ও বেঞ্চসহকারী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা স্যানীটারী ইন্সপেক্টর নাজনীন নাহার বার্তা বাজার কে বলেন, হোটেল-রেস্তোরা খোলার আগে প্রিমিসেস লাইসেন্স ও কুকদের স্বাস্থ্য সনদ থাকা প্রয়োজন। সেই ধরনের কোনো অনুমতি নেননি এই বাম্বু ক্যাফের মালিক। অভিযান পরিচালনা করে দেখা গেছে অস্বাস্থ্যকর পরিবেশে এখানে রান্নার কাজ চলে। হোটেল বয়দের নির্ধারিত কোন পোশাক নেই। এছাড়া নিয়মিত কর পরিশোধ না করাসহ নানাবিধ ত্রুটি পাওয়া গেছে এই ক্যাফেতে। এসব অভিযোগে বাম্বু ক্যাফের ম্যানেজার রনিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম বার্তা বাজার কে বলেন, আদালত পরিচালনাকালে করোনাকালীন সময়ের বাম্বু ক্যাফে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যায়নি। ভ্রাম্যমাণ আদালত ক্যাফের ত্রুটিগুলো সংশোধনের জন্য মালিকপক্ষকে তিন মাসের সময় দিয়েছেন। এরপরও ত্রুটি থাকলে ক্যাফ সিলগালাকরাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চলতি বছরের ঈদুল ফিতরের দুইদিন আগে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের পলাশী মোড়ে দেশের একমাত্র ঐতিহ্যবাহী বাম্বু ক্যাফের যাত্রা শুরু হয়। যেখানে ক্যাফ নির্মাণে তৈরি করা হয়েছে পাহাড়ি দামি বাঁশ ও কাঠ। প্রথম থেকে ক্যাফের নির্মাণশৈলী যশোরসহ আশপাশের এলাকার মানুষের দৃষ্টি কাড়ে। নিয়মিত দূর-দূরন্ত থেকে ক্যাফটি দেখতে মানুষ এখানে আসেন। তবে দৃষ্টিনন্দনের আড়ালে চলছিল নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন।

এ্যান্টনি দাস/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর