রাতের আঁধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে লক্ষাধিক টাকার পান বরজ নষ্ট হয়ে গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামের মৃত আলমগীর হাওলাদারের ছেলে হান্নান হাওলাদারের পান বরজে গত সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে বেশিরভাগ পান গাছের লতা পুড়ে গেছে।
হান্নান হাওলাদার জানান, আমি ২০ শতক জমির উপর শতাধিক পান গাছের চারা রোপন করি। সোমবার রাতের আঁধারে পান বরজের ভিতর প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আমি মঙ্গলবার দুপুরে পান বরজে গেলে দেখতে পাই আগুনের কারনে বেশিরভাগ পান পাতা পুড়ে গেছে।
পান গাছের পাতায় আগুন প্রয়োগের ফলে প্রতিটি গাছ ঢলে পরে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। যে কেউ শত্রুতা উদ্ধার করতে আমার পান বরজে আগুন ধরিয়ে দেয়।
এব্যাপারে হান্নান হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন।
থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরিফিন রিয়াদ/বার্তা বাজার/অমি