ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (০৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছদরিল্লা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আব্দুল হান্নান (২৮)। তিনি একই গ্রামের উত্তরপাড়ার উমেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে গবাদী পশুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশেই দুল্লি বিলে যাচ্ছিলেন আব্দুল হান্নান। পথিমধ্যেই বজ্রপাত হয় তার ওপরে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর বেশ কিছুক্ষণ পরে বৃষ্টি থামলে স্থানীয় লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
জানা যায়, নিহত আব্দুল হান্নান অন্যের জমিতে কাজ করে পরিবারসহ কোনোরকমে সংসার চালাতেন। দুই শিশু সন্তানের জনক আব্দুল হান্নানের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। কারণ পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
বজ্রপাতে আব্দুল হান্নানের মৃত্যুর বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া জানান, নিহত ব্যক্তির জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বার্তা বাজার/এসজে