আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান না বলেই জানিয়ে দিয়েছেন তিনি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না চাইলেও নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে চান তামিম।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ালে ইপিএলের চতুর্থ আসর। তামিমকে দলে ভেড়াতে চায় ভৈরহওয়া গ্ল্যাডিয়েটর্স। তামিম তাদের প্রস্তাব গ্রহণ করে ইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের আবেদন করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, তামিম আমাদের চিঠি দিয়েছে। সে নেপালের একটি টুর্নামেন্টে খেলতে আগ্রহী। আমরা এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নিব।
হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তামিম। গত বছরের মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। এরপর বাংলাদেশ ১৬টি টি-টোয়েন্টি খেললেও চোট ও পারিবারিক কারণে খেলা হয়নি তামিমের।
ইপিএলের এবারের আসরে দেখা যাবে একঝাঁক তারকাকে। বিশ্বকাপজয়ী লিয়াম প্ল্যাঙ্কেট, ক্রিস গেইল, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসনের মতো তারকারা খেলবেন এই লিগে।
বার্তা বাজার/নব