খালেদা জিয়ার স্থায়ী মুক্তির উপায় বলে দিলেন দুদকের আইনজীবী

মামলা বিচারাধীন থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকারের স্থায়ী মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম।

তিনি বলেন, স্থায়ী মুক্তির জন্য খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টে এ কথা বলেন দুদকের এই আইনজীবী।

এদিকে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে পারে। এক্ষেত্রে কোনো প্রকার আইনি জটিলতা নেই।

গত সপ্তাহে খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়ে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে আবেদনটি ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৫ সেপ্টেম্বর এ মেয়াদ শেষ হচ্ছে। এর আগে চারবার বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর