পাখিমারা হাওরে নৌকাবাইচ কাল, থাকবেন পরিকল্পনামন্ত্রী
আগামীকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখিমারা হাওরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত এই নৌকাবাইচ প্রতিযোগীতা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দিনব্যাপী।
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান। ওইদিন ৪ কোটি ৭১ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে পাগলা বাজার- বীরগাঁও সড়ক পুণর্নিমান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মন্ত্রী মান্নান।
নৌকাবাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য সুধীজন।
এদিকে নৌকাবাইচে পরিকল্পনামন্ত্রীর আগমনের খবরে বর্ণিল সাঁজে সজ্জিত হয়েছে এলাকা। উপজেলার প্রবেশদ্বার মনবেগ, ডাবর পয়েন্ট, পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, জয়কলস পয়েন্ট, মদনপুরসহ অন্যান্য গুরুত্বপুর্ণ এলাকায় পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাটানো হয়েছে বৃহৎ তুরণ। এছাড়া পাগলা-বীরগাঁও সড়কের গুরুত্বপুর্ণ পয়েন্টেও মিনি তুরণ, ব্যানার-ফেস্টুন।
এদিকে নৌকাবাইচ প্রতিযোগিতাকে সফল করতে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন বীরগাঁও ইউনিয়নবাসী। তাদের সাথে সর্বশেষ যুক্ত হয়েছেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ । নৌকাবাইচ সুন্দরভাবে সফল করতে করা হয়েছে একাধিক সভা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। পাগলা-বীরগাঁও সড়কে যানজট নিরসনের জন্য এইদিন সকল প্রকার যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোটরযানের পরিবর্তে নৌযান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে প্রস্তুতি সভা থেকে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার বলেন, হাওররত্ন এম.এ মান্নান মহোদয় আমাদের উপজেলাকে একটি স্বতন্ত্র নাম দিতে কৃতিত্ব রেখেছেন সেজন্য দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রলীগের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
এব্যাপারে, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বৃহস্পতিবার নৌকাবাইচকে সফল করতে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি নিয়েছে থানা পুলিশ। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওইদিন সিভিল পোশাকে শতাধিক ডিবি পুলিশ পুরো এলাকায় টহলে থাকবেন বলেও জানান তিনি।
পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন বলেন, জনদাবীর মুখে উপজেলার স্বতন্ত্র নাম ‘শান্তিগঞ্জ’ নামকরণ হওয়ায় এটিই শান্তিগঞ্জ উপজেলায় মন্ত্রী মহোদয়ের প্রথম সফর। ফলে মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এছাড়া নৌকাবাইচ সফল করতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি।
নৌকাবাইচ প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম রাইজুল। প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে দুইটি স্বর্ণের নৌকা ঘোষণা করা হয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণীসহ অন্যান্য পুরস্কার থাকছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। ওইদিন নৌকাবাইচ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
নোহান আরেফিন নেওয়াজ/বার্তা বাজার/অমি