খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের।
গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ বিভাগে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১৬৩ জনের।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যশোরে তিনজন, কুষ্টিয়ায় দুইজন, খুলনায় দুইজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় এ বিভাগের নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর ও বাগেরহাট জেলায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ২৬৬ জনের। মোট মারা গেছেন ৩ হাজার ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৪০৩ জন।
বার্তা বাজার/নব