আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ছিল তাদের শিরায় শিরায়, যা থেকে এখনও তারা বেরিয়ে আসতে পারেনি।
‘দুর্নীতি দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।
বুধবার (৮ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, লুটপাট আর অনিয়মের কন্ট্রোল রুম হিসেবে যারা হাওয়া ভবন তৈরি করেছিল। পরপর পাঁচবার দুর্নীতিতে দেশকে বিশ্বচ্যাম্পিয়নের কলঙ্কতিলক পরিয়েছিল, আজ কিনা তারাই দুর্নীতির কথা বলেন। চোখে পর্দা না থাকলে, নির্লজ্জ হলেই কেবল এমন কথা বলা যায়।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার নিজ উদ্যোগে বিভিন্ন খাতে শুদ্ধি অভিযান পরিচালনা করছে, অনিয়মকারীদের প্রশাসনিক, আইনগত এবং সাংগঠনিক শাস্তির আওতায় আনা হচ্ছে। এ সাহস কেবল বঙ্গবন্ধু কন্যাই দেখাতে পেরেছেন। বিএনপি কি একটি নজির দেখাতে পারবে? তাদের সময়কালে কোনো একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?
দুর্নীতিবাজ নেতৃত্ব তোষণকে বিএনপি রীতিমতো শিল্পে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বার্তা বাজার/নব