বগুড়ার শেরপুরের রামেশ্বরপুর গ্রামে জমিজমার বিরোধ নিয়ে ডাক্তার ছেলেকে মারপিটের সময় প্রতিপক্ষের কাছ থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে পিতা লুৎফর রহমান (৭০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে ও শাজাহানপুর উপজেলার নগর জে এম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান এক বছর আগে বাঁশঝাড়াসহ ৩ শতক জমি ক্রয় করেন।
সেখানে প্রতিবেশি আব্দুল হামিদের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও মামুন (৪৫) ময়লা আবর্জনা ফেলতো। ১ মাস আগে এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা হলে এলাকাবাসী বৈঠকে বসে বিষয়টি মিমাংসা করে দেয়।
বুধবার (৮ সেপ্টেম্বর ) সকালে ওই জায়গায় লুৎফর রহমানে ছেলে কাহালু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মশিউল আলম গাছ লাগাতে যায়।
এ সময় প্রতিপক্ষ মামুন ও মান্নানসহ কয়েকজন ডা. মশিউল আলমকে বাঁশ দিয়ে মারধর করে। তার চিৎকারে বাবা লুৎফর রহমান এগিয়ে গেলে মামুন তাকে ধাক্কা দিলে পাকা মাটিতে পরে ঘটনাস্থলেই সে মারা যান।
স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, বাড়ীর পাশে হট্টগোল দেখে এগিয়ে গিয়ে দেখতে পাই মান্নান ও মামুনসহ মহিলারা বাঁশ ও লাঠি দিয়ে ডা. মশিউলকে মারধর করছে। এদৃশ্য দেখে বাবা লুৎফর রহমান ছেলেকে উদ্ধার করতে যায়। এসময় মামুন তাকে বুকে ধাক্কা দিলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানা উপ-পরিদর্শক(এসআই) সাচ্চু বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসতালালে পঠানো হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাশেদুল হক/বার্তা বাজার/টি