সরিষাবাড়ীতে রাস্তায় হেলে পড়ে গাছ, দুর্ঘটনার আশঙ্কা!
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের পেছনে রাস্তার পাশে থাকা বড় একটি গাছ বাতাসে হেলে পরিত্যক্ত ভবনের উপর পরে আছে। দীর্ঘদিন হয়ে গেলেও বিষয়টি নজরে পড়েনি উপজেলা প্রশাসনের।
ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছে যানবাহন। দ্রুত এ গাছ কেটে না ফেললে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) গিয়ে ও স্থানীয় সুত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা সংসদ মোড় থেকে সরিষাবাড়ী অর্ণাস কলেজ হয়ে উপজেলা পরিষদে যাওয়ার রাস্তায় ২০-২৫ দিন আগে বাতাসে একটি বড় গাছ রাস্তার উপর হেলে পরে ও পরবর্তীতে পাশে থাকা উপজেলা পরিষদের আবাসিক এলাকায় পরিত্যক্ত বিল্ডিংএর উপর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হেলে পড়ে আছে।
যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। গাছের নিচ দিয়ে আশপাশের স্কুলগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করে, কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে উপজেলার সরকারি বড় বড় কর্মকর্তা যাতায়াত করলেও গাছটি কাটার কোন পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন বা বন বিভাগ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা জানান, বিষয়টি আমার জানা ছিলো না। আমি আপনার থেকেই জানলাম। খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/টি