দেশ ও মানুষের প্রতি বিএনপির কোনো দায়িত্ববোধ নেই: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার প্রতি লোভ ছিল, দেশ ও মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় ভূমি ভবন ও ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যে অগ্নিসন্ত্রাস করেছিল, সে সময় অনেকগুলো ভূমি অফিস জ্বালিয়ে দেয়। শুধু তাই নয়, তারা চলন্ত বাসেও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। তখন ঘোষণা দিয়েছিলাম, যারা আগুন দিয়েছিল, তাদের যেন মালিকানা না থাকে। এই ঘোষণার পর অবশ্য ভূমি অফিস পোড়ানো বন্ধ হয়।

তিনি বলেন, মানুষের প্রতি বিএনপি-জামায়াতের কোনো দায়িত্ববোধ নেই। দেশ ও মানুষের প্রতি অবৈধ দখলদার সরকারের কোনো দায়িত্ববোধ থাকে না। বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার প্রতি লোভ ছিল।

সরকারপ্রধান বলেন, মহামারি করোনাকালীন সময়েও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রয়েছে। যতই প্রতিকূলতা আসুক না কেন এই অগ্রযাত্রাকে থামানো যাবে না।

এসময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মোস্তাফিজুর রহমানসহ প্রধানমন্ত্রী কার্যালয়, ভূমি মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর