লামায় পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

বান্দরবান লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল মার্মা পাড়ার একটি পরিত্যক্ত পুকুর থেকে প্রিয়ন্তী চাকমা নামে ১৪বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর’২১) খুব ভোরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও লামা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩০মিনিটের অধিক সময় ধরে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে।

নিহত কিশোরী বড় নুনারবিল মার্মা পাড়ার নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমার মেয়ে। সে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

জানা যায়, নিক্সন চাকমার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরে। নিক্সন চাকমা লামায় একটি এনজিওতে চাকরী করেন। তাই তারা বড় নুনারবিল মার্মা পাড়ার মংহ্লা প্রু মার্মার ভাড়া বাড়িতে থাকে। নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমা নিসন্তান হওয়ায় তারা মেয়েটিকে ছোট থেকে দত্তক নিয়েছেন।

নিহতের মা জ্যোতিকা চাকমা বলেন, তারা রাতে খেয়ে যার যার রুমে শুয়ে পড়েছে। ভোরে মানুষের শোরগোল শুনে উঠে দেখে ঘরের দরজা খোলা মেয়েটির লাশ ঘরের পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মেয়েটি আগেও কয়েকবার রাতে ঘুমের ঘোরে ঘর থেকে বের হয়েছিল।

পার্শ্ববর্তী এক নারী বলেন, রাত সাড়ে ৩টার দিকে তার ঘরের সাথে লাগোয়া পরিত্যক্ত পুকুরের অপর পাড়ে কি যেন একটা পড়ার শব্দ পান তিন। তাড়াতাড়ি মোবাইলের লাইট জ্বালিয়ে বের হয়ে দেখেন কি যেন একটা পানিতে ডুবে যাচ্ছে। তিনি অনেক ডাকাডাকি করলেও আশপাশের কেউ বের হয়নি। পরে একা হওয়ায় ওই নারী ভয়ে পানিতে না নেমে ঘরে চলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের ফোর্স লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুরতহালে কিশোরীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর