পদ পাওয়ার পরই হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি আব্দুস সালামের মৃত্যু
চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মহাপরিচালক ও মাদ্রাসাটির প্রধান মুফতি আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার শুরা কমিটির বৈঠকে তাকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।
শুরা কমিটির বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুস সালাম। পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসার দীর্ঘকালের মহাপরিচালক আল্লামা আহমদ শফী ইন্তেকাল করেন। এরপর গত ১৯ আগস্ট আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন।
বার্তা বাজার/নব