পাউরুটিতে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল, সতর্কবার্তা জারি

স্থানীয়ভাবে উৎপাদিত রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডিন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এগুলো মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে ক্ষতিকর এসব দ্রব্য ব্যবহার করতেও নিষেধ করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, খাদ্যে এসব বিষাক্ত রাসায়নিকের ব্যবহার থাইরয়েড গ্রন্থির রোগ, ক্যান্সার, জিনগত রোগ ও মিউটেশন, ডায়রিয়া, বমিভাব ও পেটের পীড়া তৈরি করতে পারে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পাউরুটি ফোলাতে, কৃত্রিম রং ও বিভিন্ন আকৃতি দিতে ট্রান্সফ্যাট ও মিষ্টিজাতীয় রাসায়নিক সোডিয়াম সাইক্রোমেট নামের উপাদান ব্যবহার করা হয়। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডিনও ব্যবহার করা হচ্ছে। বেকারি শিল্পের লোকজনের কাছে এটি ‘ব্রেড এনহ্যান্সার’ নামে পরিচিত।

এগুলো ব্যবহারের বিকল্প থাকলেও তাতে খরচ বেড়ে যায় বলে বেকারিতে অনেকে এই রাসায়নিকটি ব্যবহার করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক আবদুর রহমান বলেন, ”দেশের সব জায়গা থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। এরপর ব্যবহার বন্ধ না হলে আমরা অভিযান শুরু করবো।”

সম্প্রতি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকের উদ্যোগে একটি গবেষণায় দেখা গেছে যে, পাউরুটিতে অনুমোদিত মাত্রার অনেক বেশি পরিমাণে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হচ্ছে।

চারটি জেলা থেকে ২১টি পাউরুটির নমুনা পরীক্ষা করেছেন গবেষকরা। সেখানে দেখা গেছে, বাংলাদেশে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) কেজিপ্রতি পাউরুটিতে পাঁচ মিলিগ্রাম মাত্রায় পটাশিয়াম ব্রোমেট ব্যবহারের অনুমতি দিলেও, ৬৭ শতাংশ পাউরুটির নমুনায় তার চেয়ে বেশি পাওয়া গেছে।

পাউরুটি ফোলাতে ও নানারকম আকৃতি দিতে এই উপাদানটি ব্যবহার করা হয়। ২০১৭ সালে ভারতের রুটি, পাউরুটিতে এই ক্ষতিকর উপাদান পাওয়ার পর এসব রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে ভারতের খাদ্য কর্তৃপক্ষ।

বাংলাদেশের রুটি, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বিবিসি বাংলাকে বলছেন, ”বেকারিতে রুটি, পাউরুটি বানাতে অনেকগুলো উপাদান ব্যবহার করা হয়। এরমধ্যে কোনটা পটাশিয়াম ব্রোমেট, তাই তো আমরা জানি না। যদি এটা ক্ষতিকর হয়, তাহলে আমি কেন ব্যবহার করব? তারা আমাদের বলুক, এই এই জিনিস বাদ দিতে হবে, আমরা সেগুলো বাদ দিয়ে দেবো।”

তবে তিনি স্বীকার করেন, কিছু কিছু ক্ষেত্রে ‘ব্রেড ইমপ্রুভার’, ‘এনজাইম’ নামের কিছু উপাদান গত কয়েক বছর ধরে ব্যবহার করা হয়।

তিনি জানান, এই বিজ্ঞপ্তির বিষয়ে তারা খুব তাড়াতাড়ি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন।
সূত্র-বিবিসি বাংলা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর