কারাগারে মারা গেলেন ২১ আগস্ট হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

২১শে আগস্ট গ্রেনেড হামলা ও গোপালগঞ্জে শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মারা গেছেন।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিকালে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত ওই বন্দির নাম মাওলানা আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক (৬০)। তিনি মাদারীপুরের রাজৈর থানাধীন মজুমদারকান্দি এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে। এছাড়া নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন তিনি।

কারাগারের একটি সূত্র জানায়, বিকালের দিকে কারাগারেই অসুস্থ হয়ে পড়েন আব্দুর রউফ। পরে তাকে নেওয়া হয় কারা হাসপাতালে। সেখান থেকে নেওয়া হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা আব্দুর রউফ ২১ আগস্ট গ্রেনেড হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখা সংক্রান্ত মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

এছাড়া রাজধানীর মতিঝিল থানায় ২টি, রমনা থানায় ১টী ও ফরিদপুরের কোতোয়ালি থানায় ১টিসহ ৪ মামলায় যাব্জজীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। কারাগারে তার কয়েদী নং-৪১৩৫/এ ছিল।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর