সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে দেশের সব স্কুল-কলেজ। করোনা মহামারির কারনে দীর্ঘ প্রায় ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা অনুসরণ করে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (১২ সেপ্টেম্বর) দেশের সব স্কুল কলেজগুলো খুলতে যাচ্ছে সরকার।
সে উপলক্ষ্যে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদানের পূর্ব প্রস্তুতি হিসেবে এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে পুনরায় শুরু করার লক্ষ্যে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশর শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভা করবে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই.কে. সেলিম উল্লাহ খোন্দকার এবং কলেজের পাঠ-পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিন বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এবং রাত ৯ টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে এবং রাত ৯ টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে।
নির্দিষ্ট সময়সূচী অনুসারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে। বিষয়টিকে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণকে বর্ণিত সময়সূচী অনুসারে ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।
ওমর ফারুক/বার্তা বাজার/এসজে