অভিভাবক পেল কলেজের মহিলা টয়লেট থেকে উদ্ধার নবজাতক!

খাগড়াছড়ি সরকারি কলেজের মহিলা টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতককে এক দম্পতি কাছে লালন-পালনের জন্য দিয়েছেন আদালত। নবজাতকের ভরণপোষণের দায়িত্ব পাওয়া ওই দম্পতি হলেন, স্মৃতি বিকাশ চাকমা ও অন্বেশা খীসা ।

নবজাতককে পেতে ৬ জনের আবেদনের প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় আদালত ওই দম্পতির কোলে তোলে দেন উদ্ধার হওয়া নবজাতককে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এই রায় দেন। এর আগে আদালত সব প্রার্থীর সম্পত্তি, সামাজিক অবস্থান, শিক্ষাসহ সব বিষয়ে অবগত হওয়ার পর ডাক্তার, প্রবেশন অফিসারসহ সবার বক্তব্য পর্যবেক্ষণ শেষে এই রায় ঘোষণা করেন। নবজাতকের সম্প্রদায়ের বিষয়টি আদালতকে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা।

দত্তক পাওয়া পরিবারের পক্ষে থাকা আইনজীবী আফসার হোসেন রনি জানান, আদালতের রায়ে খুশি পরিবারটি। খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আশুতোষ চাকমা পরিবারটির পক্ষের শুনানি করেন। পরে রাতে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে জন্ম নেওয়া ওই কন্যা শিশুটিকে খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে উদ্ধার করা হয়। ভূমিষ্ঠ নবজাতককে রেখে তার মা পালিয়ে যাওয়ার পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর