সেনাবাহিনীর তত্ত্বাবধানে জিয়ার লাশ ঢাকায় নিয়ে আসা হয়: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষনা দিয়েছিলেন সেই শহীদ জিয়ার কবর সরানোর বিষয়ে আ’লীগ নিজেরাই প্রতারণা করে জনগনকে বিভ্রান্ত করছে। তার মৃত্যুর পর সেনাবাহীনির তত্ত্বাবধানে ঢাকায় নিয়ে আসার পর সমাধিত করা হয়। এসব নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শহরের শান্তা কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, জিয়ার কবর সরানোর বিষয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে এবং যে যুক্তি দেখানো হচ্ছে তা হচ্ছে জনগনের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য। এটি সরকারের কুরুচিকর অরাজনৈতিক বক্তব্য। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক তার লাশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, যার ময়নাতদন্তেরও রিপোর্ট আছে। শহীদ জিয়ার কবর সরানো হলে জনগন তা রক্ষা করবে।
মত বিনিময়কালে তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে জোর করে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ দেশের খেটে খাওয়া মানুষের অধিকার হরণ করেছে। আওয়ামী দুঃশাসনে আমাদের লক্ষ লক্ষ নেতা-কর্মী মিথ্যা মামলায় আসামী হয়ে কারাবরণ সহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছে। কোভিড-১৯ এর অজুহাতে সবকিছুকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। ডিজিটাল নিরাপত্তা আইন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গণমাধ্যমের কণ্ঠরোধ করে রেখেছে। কোন মানুষ আজ সত্য কথা বলার সাহস পাচ্ছে না। সত্য কথা বলতে গেলেই মামলার শিকার হতে হচ্ছে। তাই সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বেই এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার আহবান জানান।
উপজেলা বিএনপি সভাপতি আইনুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য জেড মতুর্জা চেীধুরী তুলা,জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান,সহ-সভাপতি ওবাইদুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান, উপজেলা বিএনপি সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
মত বিনিময় সভায় জেলা-উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো: সবুজ ইসলাম/বার্তা বাজার/অমি