মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে দুই ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে গত রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে বোয়ালমারী থানায় মামলা হয়। আজ মঙ্গলবার পুলিশ এক আসামিকে আটক করে জেলার বিশেষ শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার শিকার ওই কিশোরী (১৩) স্থানীয় একটি কওমী মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসার পথে হাসামদিয়া গ্রামের মো. মনির শেখের ছেলে আকাশ শেখ (১৪) ও একই গ্রামের মো. আক্কাস মুন্সীর ছেলে আকাশ মুন্সী (১৬) মেয়েটিকে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো। আকাশ শেখ ও আকাশ মুন্সী দু’জনেই হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আকাশ মুন্সী পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করে। গত রবিবার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীর গতিরোধ করে তাঁর মোবাইল নম্বর চায় অভিযুক্ত দুই কিশোর। এরপর বিকেলে মাদ্রাসা থেকে ফেরার পথে গ্রামের ইরাদ আলী শেখের বাড়ির পাশের মেহগনি বাগানে নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায় দুই কিশোর। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদশর্ক মো. আব্দুর রহমান বলেন, ঘটনার শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নিযার্তন দমন আইনে থানায় মামলা করেছেন। আটক আসামি আকাশ শেখ নাবালক বয়সের হওয়ায় তাঁকে মঙ্গলবার জেলার বিশেষ শিশু আদালতে পাঠানো হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর