প্রণয়ন হলো স্কুল-কলেজের ক্লাস রুটিন

দীর্ঘদিন বন্ধের পর আগামী ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার জন্য একটি মৌলিক রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া পাঠদান এই রুটিন মেনেই করা হবে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠক শেষে এই মৌলিক রুটিন প্রণয়ন করেছে মাউশি। শীঘ্রই তা প্রকাশ করা হবে মাউশির ওয়েবসাইটে।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করে আমরা একটি গাইডলাইন মূলক মৌলিক ক্লাস রুটিন তৈরি করছি। সেটি অনুসরণ করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রুটিন ও ক্লাস পরিচালনা করতে হবে। খুব শিগগিরই তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি বলেন, মৌলিক এ রুটিন দিয়ে আপাতত ছাত্রছাত্রীদের ক্লাস করাতে হবে। এটি অনুসরণ করে শ্রেণি পাঠদান পরিচালিত হচ্ছে কিনা ও সার্বিক অবস্থা মূল্যায়নে সারাদেশে মনিটরিং করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ক্লাস রুটিন কার্যকর থাকবে।

প্রণয়নকৃত রুটিনে দেখা গিয়েছে, ২০২১ সালে সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার দু’টি বিষয়ে চারটি করে ক্লাস নেওয়া হবে। ২০২২ সালের পরীক্ষার্থীদের শনি ও রবিবার দুই বিষয়ে চারটি ক্লাস নেওয়া হবে।

এছাড়া ষষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, সপ্তম শ্রেণির মঙ্গলবার, অষ্টম শ্রেণির বুধবার ও নবম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেওয়া হবে। মাধ্যমিকের সকল স্তরে প্রতিদিন দুটি বিষয়ের চারটি করে ক্লাস করানো হবে।

জানা গেছে, রুটিন মেনে সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিপাঠ পরিচালনা করতে হবে। শিক্ষকরা এই মৌলিক রুটিনকে সাধুবাদ জানিয়েছেন। সারা এই রুটিন মোতাবেক পাঠদানে সম্মত হয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর