ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি হত্যা মামলাসহ ৪ মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, সোমবার মধ্যরাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মাতুব্বরকে (৫৮) থানা পুলিশের একটি দল ওই রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। মান্নান মাতুব্বর ওই গ্রামের মৃত আনছার উদ্দিন মাতুব্বরের বড় ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ জুলাই পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে দুইপক্ষের সংঘর্ষে মো. শহিদ ফকির নামে এক কৃষক নিহত হন। এ ঘটনায় ২৬ জুলাই শহিদ ফকিরের মামাতো ভাই আ. মান্নান শেখ বাদি হয়ে ২৯ জনের নামে থানায় হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মান্নান মাতবর। মামলাটি গত দুই আগস্ট থেকে সিআইডি তদন্ত করছে। এছাড়া ওই দিনের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দ্রুত বিচার আইনের একটি মামলার অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি তিনি। এর পাশাপাশি পুলিশের ওপর হামলা এবং সংঘর্ষ ও লুটপাটের ঘটনার পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি মান্নান মাতুব্বর। তিনি আরো ওই এলাকার ৫টি মামলায় জামিনে রয়েছেন।
মঙ্গলবার বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আক্কাস আলী বলেন, মান্নান মাতুব্বর একাধিক মামলার পলাতক আসামি। তাঁকে গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। বোয়ালমারী থানার তিনটি মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে। এছাড়া সিআইডির অধীনে থাকা হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পৃথক আবেদন করতে তাদেরকে তথ্য দিয়েছি। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি