রূপগঞ্জ ট্র্যাজেডি: দুই মাস পর আরও ২ মরদেহ উদ্ধার
নায়ারণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় তল্লাশি চালিয়ে অগ্নিকান্ডের দুই মাস পর আরও দু’টি আগুনে পুড়ে যাওয়া দেহাবশেষ (হাড় ও কঙ্কাল) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিআইডি।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দেহাবশেষ দু’টি উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের এসপি জায়েদুল ইসলাম। মঙ্গলবার বিকাল থেকেই ভবনটিতে আরও কোনও মরদেহ আছে কি না তা খতিয়ে দেখতে অভিযানে নামে সিআইডি ও ফায়ার সার্ভিস।
এ বিষয়ে সিআইডির নারায়ণগঞ্জের এসপি দেলোয়ার হোসেন জানান, এখনও ৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে পরিবারের লোকজন আবেদন করেছেন। সেই প্রেক্ষিতে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তল্লাশি শুরু করি। চতুর্থ তলা থেকে হাড়ের অংশ উদ্ধার করেছি। এগুলো ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই বিকালে রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুনের অন্তত ৫২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। আর কারখানার ভেতর থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়
বার্তা বাজার/এসজে