খালেদার মুক্তির আবেদন আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তির দাবিতে পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গত সপ্তাহে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় আবেদনটি। আবেদনে মতামত দিয়ে সেটি মঙ্গলবার আবার আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনে মতামত দিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে’। তবে কি মতামত দেওয়া হয়েছে তা জানাননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আগের বারের মতো এবারের চিঠিতেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলে তার মুক্তি চাওয়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে জার্মানি সফরে আছেন। আগামী ১০ সেপ্টেম্বর তিনি দেশে ফেরার পর খালেদা জিয়ার মুক্তির আবেদনের ব্যাপারে জানা যাবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর