কুমিল্লার হোমনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল সরকারকে মারধরের। মাইনুল সরকারকে তার মেয়ের সামনে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবলীগ। দুপুর ১২টার দিকে স্থানীয় সাংসদের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে এর সামনেই মানববন্ধব করা হয়। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল সেখান থেকে শুরু হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল সরকার।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমার মেয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে যাচ্ছিলাম। মেয়েদের সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ও তার ভাই ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। মেয়েদের সামনে আমাকে মারধর করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ বেপারী,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, মো. জয়নাল আবেদীন প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, মহিউদ্দিন খন্দকার, যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াছসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মাইনুল সরকারের অভিযোগ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান আবুল জানান, মাইনুল মেম্বার আমার ছোট ভাইয়ের পরিষদের মেম্বার। তাকে মারধর করার প্রশ্নই আসে না। আমাকে সবাই চিনে, আমার হাতেগড়া দলের কর্মীকে শাসন করতে পারি কিন্তু মারধর করতে পারি না। শুনেছি আবুল কালামের সঙ্গে পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়েছে।
তিনি বলেন, সংসদ নির্বাচনের পর থেকে একটি চক্র আমার বিরুদ্ধে কাজ করছে। সামনে ইউপি নির্বাচন ও কমিটি গঠন নিয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে তাকে ব্যবহার করার অপচেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
এ ব্যাপারে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এসজে