‘বিএনপির যেকোন আন্দোলন মোকাবেলায় সরকার প্রস্তুত’
বিএনপির যেকোনো আন্দোলন মোকাবেলায় সরকার সবসময় প্রস্তুত থাকে জানালেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে একটি কালভার্ট উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাছেন। এই উন্নয়ন কর্মকান্ডকে আরও গতিশীল করায় আমাদের সকলের উচিৎ প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খাঁন মিন্টু এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এর আগে, কালভার্ট এর ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা সম্পন্ন করেন তারা।
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ঢাকা জেলা উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম প্রমুখ সহ অন্যরা।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচি ২০১৮-২০১৯ এর আওতায় কাউন্দিয়ায় কালভার্ট নির্মানের উদ্বোধন সম্পন্ন হলো আজ।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি