সাভারে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান সম্পন্ন

সারাদেশের মতো ঢাকার সাভারেও শুরু হয়েছে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম সম্পন্ন হয়।

মানুষের চোখে মুখে আস্থা ও বিশ্বাসের আনন্দ এবং হৃদয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে নির্দিষ্ট কেন্দ্রগুলোতে তাদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে।

শিমুলিয়া ইউনিয়নে শ্যামা প্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ নিতে এসেছিলেন বর্ষীয়ান রাহেলা বেগম। তিনি জানান, গণটিকার প্রথম ডোজও নিজের এলাকায় বসেই নিয়েছিলেন, আজ দ্বিতীয় ডোজ নিলেন কোনো ঝামেলা ছাড়াই।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এভাবে গণটিকার ব্যবস্থা করায় তাকে আর কষ্ট করে সেই সাভারে গিয়ে টিকা নেবার বিড়ম্বনায় পড়তে হয়নি।

ছবি: বার্তা বাজার।

একই কথা জানালেন ভাকুর্তায় নিজ এলাকায় বসে টিকার দ্বিতীয় ডোজ গ্রহনকারী স্কুল শিক্ষক আজমত আলী। তিনি জানান, যেসব ইউনিয়ন সাভার উপজেলার থেকে অনেক দূরে, তাদের জন্য এই গণটিকা কার্যক্রম অনেক ধকল এবং অর্থের সাশ্রয় করেছে। নাহলে তাদেরকেও সেই সাভারে গিয়ে টিকা গ্রহন করতে হতো।

সাভার উপজেলার ১২টি ইউনিয়ন এবং সাভার পৌর এলাকার মানুষ গণটিকা কার্যক্রমকে স্বাগত জানিয়ে এভাবেই তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

এদিকে, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বিভিন্ন ইউনিয়নে চলমান গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় আশুলিয়া স্কুল ও কলেজ কেন্দ্রে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সেখানে একটি বৃক্ষ রোপন করেন তিনি।

এসময় গণটিকার চলমান দ্বিতীয় ডোজ নিয়ে কথা হয় তাঁর সাথে। তিনি জানান, ইতোপূর্বে যারা ১ম ডোজ গ্রহন করেছেন শুধুমাত্র তারাই আজ একই কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিয়েছেন। আপনারা জানেন, এর আগে ১ম ডোজের ক্ষেত্রে সাভারের বারোটি ইউনিয়নের ওয়ার্ড লেভেলে পরীক্ষামূলক করোনাভাইরাস এর গণটিকাপ্রদান কার্যক্রম শতভাগ সফল হয়েছে। প্রতিটি ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ৬০০ ভ্যাক্সিনই শেষ হয়েছে তখন। সেসময় সাভারে মোট ৭২৯২ জনকে ভ্যাক্সিন দেয়া হয়। আজও ১২টি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম চলমান ছিলো।

ডা. সায়েমুল হুদা বলেন, ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভ্যাক্সিন গ্রহন করেছে। মানুষের চোখে-মুখে আনন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা দেখেছি আজ। এছাড়া, গণটিকা কার্যক্রম চলাকালীন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ যে সার্বিক সহায়তা করেছেন সেজন্য আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এসময় ডা. সায়েমুল হুদা সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাভার উপজেলা প্রশাসন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিম এবং এই গণটিকাদান কর্মসূচির সাথে সম্পৃক্ত সকলকেও ধন্যবাদ জানান।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর