জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা ৭ অক্টোবর থেকে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সশরীরে নেয়া সম্ভব না হলে অনলাইনে পরীক্ষা নেয়া হবে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, ‘আজকের সভায় ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা গ্রহোনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদি কোনো কারণে সশরীরে না নেয়া যায় তবে অনলাইনে পরীক্ষা গ্রহণের অপশনও রাখা হয়েছে।
সংশ্লিষ্ট অনুষদ এবং ইনস্টিটিউটের চেয়ারম্যান ও পরিচালকগণ তাদের নিজ নিজ অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের চেয়ারম্যানদের সাথে মিটিং করে অনুষদ পর্যায়ে সমন্বয় করবেন। তারা আলোচনা করবেন নিজেদের মধ্যে কিভাবে সুশৃংখলভাবে পদক্ষেপগুলো নেয়া যায় সে ব্যাপারে। এটা তারা অক্টোবরের ৭ তারিখের মধ্যেই করবেন।’
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘আগামী মাসের ৭ তারিখ থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প হিসেবে অনলাইনে পরীক্ষার প্রস্তুতিও থাকবে। যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে ১০ অক্টোবরের মধ্যেই অনলাইনে পরীক্ষা শুরুর চেষ্টা থাকবে।’
এর আগে গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আগস্ট থেকে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও করোনা পরিস্থিতির কারণে পরে তা স্থগিত করা হয়।
মোঃসুমন/বার্তা বাজার/টি