খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: আইনমন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার পরিবারের আবেদন মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার পরিবারের করা আবেদনে মতামত দিয়ে তা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে কি মতামত দেওয়া হয়েছে সেটা জানাননি তিনি।

গত সপ্তাহে খালেদা জিয়ার মুক্তির জন্য তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আজ মতামত দিয়ে আবেদনটি ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে শনিবার (২৮ আগস্ট) আইনমন্ত্রী বলেছিলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা সরকারের ক্ষমতা। এ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। তবে তাকে আবারও কারাগারে যেতে হবে। এরপর নতুন করে আবেদন করতে হবে।

তিনি আরও বলেছিলেন, যে আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, সেই আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।

গত ১৫ মার্চ খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৫ সেপ্টেম্বর এ মেয়াদ শেষ হচ্ছে। এর আগে চারবার বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর