রাজধানী ঢাকার চারদিকে নদীর পাড়ের অংশে জায়গা কম, এ কারণে এলিভেটেড ওয়ে তৈরি করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, ঢাকার চারদিকে এলিভেটেড ওয়ে করতে বলেছেন প্রধানমন্ত্রী। ঢাকার চারপাশে জায়গা কম। সদরঘাট ও ওয়াইজঘাটের মতো অবস্থা যেন তৈরি না হয় এ কারণে ঢাকার চারদিকে এলিভেটেড ওয়ে তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ নিয়েছেন। যাতে করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, শিল্প-আবাসনের বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলা যাবে না। দরকার হলে সমন্বিত ট্রিটমেন্ট প্ল্যান্ট করে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, উপকূলে বাঁধ কেটে যেন চিংড়ি চাষের প্রয়োজনীয় নোনা পানি ব্যবসায়ীরা ভেতরে প্রবেশ করাতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে। লোনা পানি প্রবেশ করানোর জন্য আলাদা ড্রেনেজ উৎস তৈরি করতে হবে। এখাতে ব্যয় চিংড়ি চাষীদের বহন করতে হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন এনইসি সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা। একনেকে আজ প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বার্তা বাজার/নব