ডিআইজি সেজে পুশিলের চাকুরী দেওয়ান নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উজ্জল নামে এক ভুয়া ডিআইজিসহ তার সহযোগীকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়।
আটক উজ্জল (৩০) উপজেলার ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার হাসেম আলীর ছেলে ও কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫)।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিদুলকে উজ্জল নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করেন। উজ্জল পুলিশের চাকুরী প্রত্যাশী মহিদুলের ভাতিজা নাফিজকে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দেয়।
চাকুরী পেতে ৮ লক্ষ টাকা দাবী করে। মহিদুল ইসলাম ডিআইজি পরিচয়দানকারীকে বিকাশের মাধ্যমে ৩৯ হাজার ৫শ টাকা পাঠান। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মহিদুল আলমডাঙ্গা থানায় হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে উজ্জল, মামুন ও আব্দুল লতিফসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির জানান, ভুয়া ডিআইজি ও তার সহযোগীদের ধরতে থানার পরিদর্শক অপারেশন শেখ মাহাবুবুর রহমান ও এস আই আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্স নিয়ে ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে উজ্জলকে আটক করা হয়। এরপর কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল লতিফকে আটক করে আলমডাঙ্গা থানায় আনা হয়।
তিনি আরো জানান, সংশ্লিষ্ট মামলায় দু’জনকে আদালতে প্রেরণ করা হবে।
অন্তর ঘোষ/ বার্তা বাজার/টি