খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের।
গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) এ বিভাগে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ১৬৭ জনের।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় তিনজন, খুলনায় একজন, যশোরে একজন ও বাগেরহাটে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৬৬ জনের। মোট মারা গেছেন ৩ হাজার ৫৩ জন।
বার্তা বাজার/নব