সারাদেশে করোনাভাইরাসের গণটিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম চলবে বিকাল ৩টা পর্যন্ত। গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে।
রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, টিকার দ্বিতীয় ডোজ নিতে সকাল থেকেই টিকা প্রত্যাশীরা কেন্দ্রে ভিড় করতে থাকেন। লাইনে কোনো বিশৃঙ্খলা না থাকলেও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে আছেন পুলিশ ও আনসার সদস্যরা।
যারা গত ৭ ও ৮ আগস্ট টিকার প্রথম ডোজ নিয়েছেন তারাই আজ টিকা পাচ্ছে। ৯ ও ১০ আগস্ট যারা টিকা গ্রহণ করেছেন তারা আগামীকাল (৮ সেপ্টেম্বর) এবং যারা ১১ ও ১২ আগস্ট টিকা নিয়েছেন তারা ৯ সেপ্টেম্বর টিকার দ্বিতীয় ডোজ পাবেন। যে কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
গণটিকা কর্মসূচি বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, এই কর্মসূচির মাধ্যমে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, যারা প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ দিতে পারবেন। পর্যাপ্ত টিকা আছে। এ নিয়ে কোনো সমস্যা হবে না। এ পর্যন্ত ১ কোটি ৯৯ হাজারের অধিক মানুষকে প্রথম ডোজ দেয়া হয়েছে।
বার্তা বাজার/নব