সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগেও শুরু হয়েছে করোনা প্রতিরোধক গণটিকার দ্বিতীয় ডোজ। মঙ্গলবার (৭সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১ ওয়ার্ডের ১২৩টি কেন্দ্রসহ উপজেলা পর্যায়ে টিকা দেয়া হয় ১৯৭টি কেন্দ্রে।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর বলেন, যারা ১ম ডোজ গ্রহন করেছেন শুধুমাত্র তারাই একই কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। ক্যাম্পেইনের অধীনে আজ ৭ থেকে ৮ সেপ্টেম্বর যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের ৭ সেপ্টেম্বর। ৯ থেকে ১০ সেপ্টেম্বর তারিখ ধারীরা ৮ সেপ্টেম্বর ও ১১ থেকে ১২ সেপ্টেম্বর টিকা গ্রহণের তারিখ ধারীরা ৯ সেপ্টেম্বর ভ্যাকসিন নিতে পারবেন।
তিনি আরো বলেন, টিকা গ্রহণের ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করা যাবে না। অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে। প্রথম ডোজ গ্রহণের জন্য অযথা কেন্দ্রে ভিড় না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ৭ আগষ্ট গণ টিকা কার্যক্রমে মহানগরসহ চট্টগ্রাম জেলায় ১ লাখ ৫৮ হাজার মানুষ টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন। এরমধ্যে মহানগরের ছিলেন প্রায় ৩৭ হাজার মানুষ ও বিভিন্ন উপজেলার ১ লাখ ২১ হাজার জন।
সিটি কর্পোরেশন এলাকার ৪১ ওয়ার্ডের ১২৩টি কেন্দ্রে গণ টিকা দেয়া হয়। আর উপজেলা পর্যায়ে টিকা দেয়া হয় ১৯৭টি কেন্দ্রে। এছাড়া মহানগরের ১১টি ও উপজেলা পর্যায়ে ১৪টি স্থায়ী টিকাদান কেন্দ্রেও টিকাদান অব্যাহত ছিল।
মুহাম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি