আবারও কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: নিহত ১

রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের উপদ্রব মাত্রাতিরক্ত বৃদ্ধি পেয়েছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছুরি মেরে সানোয়ার (১৮) নামের এক কিশোরকে খুন করা হয়েছে।

নিহত সানোয়ার কামরাঙ্গীরচরের বড়গ্রাম মধ্য ইসলাম নগর এলাকার ওমর চানের ছেলে। সে ওই এলাকায় জাবেদের বাড়িতে ভাড়া থেকে মাস্কের ব্যবসা করতো।

রাতে আচারওয়ালাঘাট থেকে গুরুতর আহত সানোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে দশটায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকেই ক্যাম্প পুলিশ আটক করেছে নিহত সানোয়ারের বন্ধু হৃদয়, রাহাত, জাহাঙ্গীর, আকাশ, ইয়াসিন ও অনিককে।

সানোয়ারের পরিবার জানায়, মধ্য মমিনবাগের মসজিদ গলিতে সানোয়ারের ৬ বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। লোডশেডিংয়ে অন্ধকার পাশের গলিতে চিৎকার শুনে দৌড়ে যায় তার বন্ধুরা। গিয়ে দেখে সানোয়ার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের বন্ধুদের দাবি, স্থানীয় ইন্টার্নেট সার্ভিসের দোকানের কর্মচারী নুরা (১৫) নামে এক কিশোরসহ ১৪-১৫ জন মিলে গলিতে ছিল। তারাই মারধর করছিলো তাকে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছু জানে না বলে জানায় তারা।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা আছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের সাথে থাকা ৬ জনকে।

প্রসঙ্গত, এর আগেও চলতি বছরে কামরাঙ্গীরচরে কিশোর গ্যাং দ্বারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাছাড়া নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে অনেক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর