জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২১-২২ অর্থ বছরের মূল রাজস্ব (অনুন্নয়ন) বাজেট পাস হয়েছে। বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে গবেষনা খাতে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক-এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ১২৮ কোটি ৬ লক্ষ ৪৫ হাজার টাকা এবং ২০২১-২২ অর্থ বছরের ১৪৮ কোটি ৮৭ লক্ষ টাকার মূল রাজস্ব (অনুন্নয়ন) বাজেট পাস হয়।
উল্লেখযোগ্য খাতের মধ্যে গবেষণা খাতের গত অর্থ বছরের (২০২০-২১) বাজেট ২ কোটি টাকা হতে বৃদ্ধি করে ২০২১-২২ অর্থ বছরে ৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
এছাড়াও মূলধন অনুদান (যন্ত্রপাতি, যানবাহন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অন্যান্য অনুদান) খাতে ৮ কোটি ৪৬ লক্ষ, আবর্তক অনুদান (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ও ভাতাদি) খাতে ৯৮ কোটি ৩৭ লক্ষ টাকা, পন্য ও সেবা সহায়তা খাতে ৩২ কোটি ৯০ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ২ কোটি ৩০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, অন্যান্য সদস্যবৃন্দ ও সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন সিন্ডিকেট সদস্য অনলাইন প্লাটফরমের মাধ্যমে সিন্ডিকেট সভায় সংযুক্ত ছিলেন।
মো. সুমন/বার্তা বাজার/এসজে