সিআরবি রক্ষায় চট্টগ্রাম নাগরিক সমাজের মশাল মিছিল

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রকল্প বাতিলের দাবিতে মশাল হাতে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

সোমবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআরবি রক্ষায় চট্টগ্রাম নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

ড. অনুপম সেন বলেন, সিআরবি এলাকা হলো প্রকৃতির এক অপরূপ দান। নানান ঐতিহ্য আর সৌন্দর্যে ঘেরা এই সিআরবি এলাকা। এটা চট্টগ্রামের প্রাণের স্পন্দন। এছাড়াও এখানে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় হাসপাতাল নির্মাণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সিআরবি রক্ষায় যদি নিজের প্রাণ দিতে হয়৷ দিব। তবুও সিআরবির সৌন্দর্য ও প্রাকৃতিক ঐতিহ্য বিনষ্ট হতে দিবনা।

প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান, রাজনীতিক মিঠুল দাশগুপ্ত, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সংস্কৃতিকর্মী স্বপন মজুমদার, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, প্রফেসর হোসাইন কবির, যুবলীগ নেতা গোলাম মোস্তফা মোস্তাক, সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, সাবেক ছাত্রনেতা শিবু দাশ গুপ্ত, নূরুল আজিম রণি, অ্যাডভোকেট রাশেদুল আলম রাশেদ, নারীনেত্রী হাসিনা আক্তার টুনু, ডা. আরকে দাশ রুবেল, জেনিফার আলম, কবি মিনু মিত্র, মিজানুর রহমান, হুমায়ূন কবীর মাসুদ, তোফাজ্জল হোসেন জিকু, মাহামুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ, মাইমুন উল মামুন সহ, সাজ্জাদ হোসেন জাফর প্রমুখ।

বক্তব্য শেষে মশাল মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ১৯ জুলাই (সোমবার) সিআরবিতে হাসপাতাল বন্ধের আবেদন জানিয়ে এডভোকেট সানোয়ার হোসেন লাভলুর করা মামলায় ১৬ জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত। চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ ১ নম্বর আমলি আদালতের বিচারক রুবায়েত ফেরদৌস মামলার ১৬ জন বিবাদীর বিরুদ্ধে সমন জারি করা হয়।

মামলার বিবাদীরা হলেন, মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিডিএ’র সচিব, ওয়াসার সচিব, পিডিবির প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, চসিকের সচিব, ফায়ার সার্ভিসের উপ পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সচিব, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম, এস্টেট অফিসার, সভাপতি/সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, জেলা প্রশাসক ও সিএমপি কমিশনার।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর